গোপালগঞ্জে সাড়ে ৪ ঘন্টা সড়ক অবরোধ

গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত দুই বাস চালককে সাজা দেয়ার প্রতিবাদে ও মুক্তির দাবিতে শ্রমিকরা ঢাকা-খুলনা মহাসড়কে ৪ ঘন্টা অবরোধ কর্মসূচী পালন করেছে।
 
আজ সোমবার সকাল ৯ টা থেকে শ্রমিকরা গোপালগঞ্জের বেদগ্রাম বাসস্ট্যান্ডে মহাসড়কের ওপর বাস আড়াআড়ি দাঁড় করিয়ে রেখে সড়ক অবরোধ শুরু করে। এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। সমস্যার সমাধনে প্রশাসন ও পুলিশ বাস মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন। দুপুর দেড়টায় শ্রমিকরা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেন।
 
সমঝোতা বৈঠকে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল বাকী, এ.এস.পি সার্কেল (সদর) মোঃ ছানোয়ার হোসেন, গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলামসহ বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
গোপালগঞ্জের এ.এস.পি সার্কেল (সদর) মোঃ ছানোয়ার হোসেন জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাহফুজুর রহমান আজ সোমবার সকালে  গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের মাঝবাড়িতে মোবাইল কোর্ট বসিয়ে ড্রাইভিং লাইসেন্স নবায়ন না থাকায় বাস চালক রবিউলকে (৩২) পনের দিনের সাজা প্রদান করেন। এছাড়া রবিবার ওই সড়কের টুপুরিয়ায় ওই ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে একই অপরাধে বাস চালক শাহাদত হোসেনকে সাত দিনের জেল দেন। এ ঘটনার প্রতিবাদে ও মুক্তির দাবিতে শ্রমিকরা ঢাকা-খুলনা মহাসড়কে অবরোধ শুরু করে।
 
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, সমঝোতা বৈঠকে বাস চালক শাহাদত হোসেনকে ২-১ দিনের মধ্যে জামিনের ব্যবস্থা করা হবে বলে সিদ্ধান্ত হয়। এছাড়া মহাসড়কে নছিমনসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা মহা-সড়ক থেকে অবেরাধ প্রত্যাহার করে নেন।
 
ইত্তেফাক/নূহু