বটিয়াঘাটায় আবারও দিন দুপুরে ৬ লাখ টাকা ছিনতাই

উপজেলার কিসমত ফুলতলা গ্রামে কাটাখালী গেটের পাশে সোমবার দুপুরে ৬ লাখ টাকা ছিনতাই হয়েছে। ছিনতাইকারীরা ব্যবসায়ী বিপ্রদাস সাহা (৪০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়েছে। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানায়, বেলা একটার দিকে ট্রলার ব্যবসায়ী বিপ্রদাস সাহা মুদি দোকানের মালামাল কেনার উদ্দেশ্যে দাকোপের চালনা বাজার থেকে খুলনা অভিমুখে রওয়ানা হয়। ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে বটিয়াঘাটা থানা থেকে ১ কিলোমিটার দক্ষিনে কাটাখালী গেটের নিকট পৌঁছুলে পিছন থেকে অনুসরণ করে আসা দুটি মোটরসাইকেলে ৫ জন ছিনতাইকারী তার গতিরোধ করে। চাইনিজ কুড়াল দিয়ে দুইহাতে কুপিয়ে বিপ্রদাসকে মাটিতে ফেলে দেয়। এ সময় তার নিকট থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে খুলনার দিকে রওয়ানা হয়। ছিনতাইকারীদের অপর সদস্য পিছনের একটি মোটরসাইকেলে এসে শোলমারী ব্রিজের উত্তর পাশে অন্যদের সঙ্গে মিলিত হয়। এ সময় ওই মোটরসাইকেলটি বিকল হওয়ায় ফেলে দিয়ে দুটি মোটরসাইকেলে ৬ জন পালিয়ে যায়।
 
বিপ্রদাসের বাড়ি ডুমুরিয়া উপজেলার দেড়ুলিয়া গ্রামে। তিনি মৃণালকান্তি সাহার ছেলে। চালনা বাজারে বসবাস করে। ট্রলারে বিভিন্ন ব্যবসায়ীর মালামাল পরিবহন করে। তিনি বটিয়াগাটার বুনারাবাদ গ্রামের মতিয়ার রহমানের পুত্র ফারুখের মোটরসাইকেলে খুলনা যাচ্ছিলেন। গত ১ আগস্ট একই কায়দায় বটিয়াঘাটার কিসমত ফুলতলা কালভার্টের ওপর থেকে ২ ব্যবসায়ীর ১৬ লাখ টাকা দিন দুপুরে ছিনতাই হয়।
 
উল্লেখ্য গত ২ মাসে বটিয়াঘাটায় ২টি খুন, ২টি ছিনতাই ও ১টি ধর্ষণের মত অপরাধ ঘটেছে। থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, আসামি আটকের জোর প্রচেষ্টা চলছে।
 
ইত্তেফাক/নূহু