নাজমুলের ঢাবিতে ভর্তির দায়িত্ব নিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার

দরিদ্র মেধাবী শিক্ষার্থী নাজমুলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির দায়িত্ব নিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার।
 
'ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও টাকার অভাবে ভর্তি হতে পারছে না দরিদ্র নাজমুল'। এ শিরোনামে ২৯ সেপ্টেম্বর রাতে দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইনে ও ৩০ সেপ্টেম্বর প্রিন্ট ভার্সনের ১৭ পৃষ্টার ৫ কলামে ছবিসহ সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি ভাইরাল হয়ে দেশের গণ্ডি পেরিয়ে বহিঃর্বিশ্বেও অভাবনীয় সাড়া ফেলে। সংবাদটি কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাতের নজরে আসে। তিনি সেই হতদরিদ্র অদম্য মেধাবী নাজমুলের ব্যাপারে সংশ্লিষ্ট মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের মাধ্যমে বিস্তারিত খোঁজ নেন। পরে নাজমুলকে তার বাবা মাসহ নিজ অফিসে আমন্ত্রণ জানান।
 
আজ সোমবার সকালে নাজমুল তার বাবা-মাকে সঙ্গে নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে আসে। এ সময় পুলিশ সুপার অদম্য মেধাবী দরিদ্র নাজমুলের দারিদ্র্যর সঙ্গে সংগ্রাম করে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেল সে কথা গভীর মনোযোগে শোনেন। পরে তিনি নাজমুলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির পুরো দায়িত্ব নেওয়ার কথা বলেন এবং নগদ ২০ হাজার টাকা তার হাতে তুলে দেন।
 
এ সময় নাজমুলের হতদরিদ্র পিতা, মাতা নাসিমা খাতুন, এডিশনাল এসপি জহিরুল ইসলাম, ডি আই ওয়ান মোঃ আসাদুজ্জামান, মিরপুর থানার ওসি (তদন্ত) আজিজুর রহমান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 
এদিকে সোমবার দুপুরে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদও তার কার্যালয়ে ডেকে নিয়ে ব্যাক্তিগত তরফ থেকে নগদ ১০ হাজার টাকা নাজমুলের হাতে তুলে দেন।
 
এছাড়া দরিদ্র নাজমুল সংক্রান্ত দৈনিক ইত্তেফাকে ভাইরাল হয়ে পড়া সংবাদটি পড়ে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ভর্তির পর লেখাপড়া চালিয়ে যাবার খরচ যোগাতে দেশ ও দেশের বাইরে থেকে অসংখ্য ব্যাক্তি ও প্রতিষ্ঠান সহায়তার আশ্বাস দিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যাক্তি ও প্রতিষ্ঠানগুলো হলোঃ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, স্কয়ার গ্রুপ, লেবানন প্রবাসী জুবায়ের কবির তুষার, সার ও কীটনাশক বাজারজাতকারী ইয়ান গ্রুপের জেনারেল ম্যানেজার জাবিদ হাসান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ-যোগাযোগ বিভাগের তরুণ প্রভাষক আসাদুজ্জামান কাজল প্রমুখ।
 
ইত্তেফাক/নূহু