বাগেরহাটের শরণখোলায় চেতনানাশক মেশানো খাবার খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়েছেন। উপজেলার ধানসাগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য তপু বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটেছে। তপু বিশ্বাসের আত্মীয় এবং প্রতিবেশীরা ধারণা করছে, রবিবার রাত ১১টার দিকে দুর্বৃত্তরা খাবারে চেতনানাশক মিশিয়ে সবাইকে অচেতন করে সর্বস্ব লুটের পরিকল্পনা করেছিলো।
ওই রাতেই অসুস্থ অবস্থায় পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার বিকেল পর্যন্ত তাদের কারো চেতনা ফিরে আসেনি।
অসুস্থ ব্যক্তিরা হলেন, আমড়াগাছিয়া কালিবাড়ি গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও ধর্মযাজক শ্রী যাদব চন্দ্র বিশ্বাসের ছেলে এবং আওয়ামী লীগ নেতা তপু বিশ্বাসের ভাই পরিমল বিশ্বাস (৬৫), বিমল বিশ্বাস ((৫৫), বিমলের স্ত্রী মঞ্জু বিশ্বাস (৪৮), বিকাশ বিশ্বাস (৩২) এবং বিকাশের স্ত্রী দোলা বিশ্বাস (২৩)।
আওয়ামী লীগ নেতা তপু বিশ্বাস জানান, পরিকল্পিতভাবে কেউ তাদেরকে ঘায়েল করার ষড়যন্ত্র করেছে। সন্ধ্যার দিকে হয়তো রান্না করা খাবারে চেতনানাশক মিশিয়েছে। ওই খাবার রাত সাড়ে ১০ টার দিকে ঘরের অন্য সদস্যদের মধ্যে থেকে মাত্র পাঁচজনে খেয়েছে। বাকিরা খাওয়ার অপেক্ষায় ছিল। খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নেওয়া হয়। সবাই খেলে হয়তো বড় ধরণের ক্ষতি হয়ে যেতো। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমদ্দার জানান, তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ায় তারা এখন আশঙ্কামুক্ত।
ইত্তেফাক/নূহু