সখীপুরে কালভার্ট ভেঙ্গে ভারী যান চলাচল বন্ধ

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা-ধইন্যাজানি পাকা সড়কের চটানপাড়া নামক স্থানে কালভার্ট ভেঙ্গে যাওয়ায় যান চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। কালভার্টটি ভেঙ্গে যাওয়ায় রাতে মানুষ চলাচলের সময় কয়েকটি দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করার ফলে কালভার্টটি মরণ ফাঁদে পরিণত হয়েছে।
 
মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বড়চওনা-ধইন্যাজানি পাকা সড়কে উপরোক্ত স্থানে কালভার্টটির প্রায় সিংহভাগ ভেঙ্গে বিশাল গর্ত তৈরি হয়েছে। দূর থেকে গর্তটি অনুমেয় না হওয়ার ফলে রাস্তায় চলাচলের সময় অনেক মানুষ ও যানবাহন প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয় লোকজন গর্তের মাঝে বাঁশের সঙ্গে লাল কাপড় বেঁধে দিয়ে বিপদ সংকেত চিহ্নিত করে রেখেছেন। 
 
স্থানীয় বাসিন্দা বেলাল উদ্দিন, আবদুল হালিম, আবদুল কদ্দুস ও আবদুল মালেকসহ একাধিক ব্যক্তি জানান, প্রায় ৬ মাস আগে একটি মালবাহী ট্রাক যাওয়ার সময় কালভার্টটি ফেটে যায়। ফলে এ সড়ক দিয়ে ভারি যানবহান চলাচল করতে পারছে না।
 
স্থানীয়রা আরও জানায়, এ রাস্তার পূর্ব পাশে রয়েছে বড়চওনা ও কুতুবপুর বাজার, পশ্চিম পাশে রয়েছে রাজনীতির মোড়, শ্রীপুর, ও খুংগারচালা বাজার। আশপাশের ১০-১২টি গ্রামের ব্যবসায়ী, কৃষিজীবী ও সাধারণ মানুষদের চলাচলের জন্য কালভার্টটি খুব প্রয়োজন। বিশেষ করে এ রাস্তা দিয়ে ট্রাক, সিএনজি, হাইড্রোলিক, অটোরিক্সাসহ এ ধরণের যানবাহন চলাচল এখন বন্ধ রয়েছে।
 
এ ছাড়া এ সড়ক দিয়ে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয় ও একটি কলেজসহ কয়েকটি প্রাইভেট কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রীরা যাতায়াত করেন। দুর্ঘটনার আশংকা নিয়ে প্রতিদিন ছাত্র-ছাত্রীদের এ ভাঙ্গা কালভার্ট দিয়ে যাতায়াত করছে। 
 
এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী কাজী ফাহাদ কুদ্দুস বলেন, ‘কালভার্টটি পুননির্মাণের জন্য টেন্ডার হয়েছে। আশা করা হচ্ছে কিছুদিনের মধ্যে কাজ শুরু করা হবে।’
 
ইত্তেফাক/নূহু