টঙ্গীতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

গাজীপুরের টঙ্গী আরিচপুর গাজীবাড়ি এলাকায় গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে। তার নাম শহিদুল ইসলাম শাহিন (ওরফে তারকাটা শাহীন, ২২)। সে পিরোজপুর জেলার কাওখালী থানার চিরাপাড়া এলাকার শাহ আলমের ছেলে। তারা টঙ্গীর গাজিবাড়ি এলাকার জনৈক ইসমাইল গাজীর বাড়িতে ভাড়া থাকতো।
 
টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে ওই এলাকার রেল লাইনের পাশে নেকেরবাড়ি সংলগ্ন স্থানে ছিনতাইকালে স্থানীয়দের হাতে হাতেনাতে ধরা পড়ে শাহিন। পরে এলাকাবাসী তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। 
 
খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে ময়না তদন্তের জন্য মরদেহটি শহীদ তাজ উদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/নূহু