সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদকে ছিনতাইয়ের ঘটনায় জামায়াত ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ ২ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হলেও হাতকড়াসহ পলাতক জামায়াত নেতা আজাদকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সোমবার গভীর রাতে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার সাহা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার বাদী ও উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক রিপন কুমার সাহা আজ মঙ্গলবার সকালে এতথ্য নিশ্চিত করে জানান, পুলিশের হাত থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকাসহ ৭৩জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কয়ড়া চরপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জুয়েল রানা (২৬), সোলাইমান আলীর ছেলে আফজাল হোসেন (৩৬), মৃত বাহাদুর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৬) ও একই গ্রামের গোলাম মওলার ছেলে খায়রুল ইসলাম (২৫), ও তাড়াশ উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে সুরুজ মিয়া (৩৫)।
উল্লেখ্য, সোমবার দুপুর আড়াইটার দিকে উল্লাপাড়া উপজেলার কয়ড়া চরপাড়া গ্রামে অভিযান চালিয়ে নাশকতার ২০ মামলার আসামি ও উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী আলাউদ্দিন আল আজাদকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে হাতকড়া পরিয়ে থানায় আনার পথে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকার নেতৃত্বে আওয়ামী লীগ ও জামায়াতের নেতাকর্মীরা হাতকড়াসহ পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
ইত্তেফাক/নূহু