বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

বোয়ালমারীতে বাজার প্লাজার তৃতীয় তলায় আজ সকালে নির্মাণ কাজের সামগ্রী উত্তোলনের সময় বিদ্যুৎস্পৃষ্টে হাসেম আলী (৩৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে উপজেলার মাধবপুর গ্রামের বাসিন্দা। অপর শ্রমিক মোঃ ইউসুফকে (৪০) গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। ইউসুফ অমৃতনগর গ্রামের চরপাড়ার আব্দুল হালিমের ছেলে। 
 
গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পতিমধ্যে আহত হাসেম আলীর মৃত্যু হয়।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, নিচ থেকে ভবনের তৃতীয় তলায় রড উত্তোলনের সময় রড বাঁকা হয়ে বিদ্যুতের সঞ্চালন লাইনে জড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ভবনের তৃতীয় তলা থেকে দুই শ্রমিক সড়কের ওপর ছিটকে পড়ে।
 
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান বলেন, লাশ ময়নাতন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/নূহু