বরিশালের আগৈলঝাড়ায় অজ্ঞাত পরিচয় বৃদ্ধার লাশ দাফন সম্পন্ন হয়েছে। আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার বাইপাস সড়কের কুয়াতিয়ারপাড় এলাকায় একটি বন্ধ ক্লিনিকের সামনে স্থানীয়রা পঞ্চাশোর্ধ অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে।
স্থানীয়দের বরাত দিয়ে লাশ উদ্ধারকারী এসআই দেলোয়ার হোসেন জানান, মৃত ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিভিন্ন রাস্তায় তাকে ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। ওই দিন বাদ মাগরিব থানা প্রশাসনের উদ্যোগে উপজেলার ফুল্লশ্রী সুজনকাঠী গ্রামের নূর-এ-মদিনা মসজিদ কমিটি ও স্থানীয়দের সহযোগীতায় ওই মসজিদের গণকবরস্থানে লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।
ইত্তেফাক/নূহু