ঝিনাইগাতীতে বড় ভাইকে হত্যার চেষ্ঠার অভিযোগে ছোটভাই গ্রেপ্তার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বনকালী গ্রামে মোঃ আব্দুল লতিফ (৪৮) নামে বড় ভাইকে হত্যা চেষ্ঠার অভিযোগে ফারুক (৪৫) নামে ছোট ভাইকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। লতিফ ও ফারুক ওই গ্রামের মৃত আব্দুল গনীর ছেলে। ঘটনাটি ঘটে আজ ৩ অক্টোবর বুধবার বিকাল ৩ টায়।
 
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, ঘটনার দিন বিকালে পারিবারিক কলহের জের ধরে লতিফ ও ফারুকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফারুক ধারালো চাকু দিয়ে পিছন দিক থেকে লতিফের মেরুদণ্ডে আঘাত করলে লতিফ গুরুতরভাবে আহত হয়। মুমূর্ষু অবস্থায় লতিফকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকগণ তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করে। ওই ঘটনার পর ছোট ভাই ফারুক পালানোর চেষ্ঠা করলে গ্রামবাসীরা তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। 
 
ঝিনাইগাতী থানার এসআই সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত লতিফের অবস্থা দেখে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/নূহু