জিয়া অরফানেজ ট্রাস্ট: খালেদা জিয়ার জামিনের মেয়াদ বৃদ্ধি

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ ৮ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে হাইকোর্ট। একইসঙ্গে আগামী তিন কার্যদিবসের মধ্যে সাজার রায়ের বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানি শেষ করার জন্য তার আইনজীবীদের নির্দেশ দিয়েছে আদালত। 
 
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বুধবার এই আদেশ দেন। 
 
এর আগে বিরতির পর বেলা ২ টায় আদালতের কার্যক্রম শুরু হলে খালেদা জিয়ার পক্ষে সময় চান বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। শুনানি না করে বারবার সময় চাওয়ায় অসন্তোষ প্রকাশ করে আদালত বলেন, এই মামলাটি নিষ্পত্তির জন্য ৩১ অক্টোবর পর্যন্ত আপিল বিভাগ সময়সীমা বেঁধে দিয়েছেন। কিন্তু আপনারা শুনানি না করে বার বার সময় নিচ্ছেন। মঙ্গলবার সময় নিয়ে আর আদালতে আসলেন না। এটা অনুচিত। পরে আদালত আধা ঘণ্টার জন্য শুনানি মুলতবি করেন। কিন্তু ওই সময় পেরিয়ে গেলেও খালেদা জিয়ার পক্ষে কোন আইনজীবী আদালতে উপস্থিত হননি। পরে বেলা পৌনে ৪টার দিকে আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল আদালতে হাজির হয়ে খালেদা জিয়ার জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করেন। তখন দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান বলেন, আপনারা আপিল শুনানিতে অংশ নিচ্ছেন না, আবার জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করেছেন। 
 
এ নিয়ে দু’জনের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। পরে জামিনের মেয়াদ বৃদ্ধি করে ৪, ৭ ও ৮ অক্টোবরের মধ্যে আপিলকারী পক্ষকে আপিলের ওপর শুনানি সম্পন্নের জন্য নির্দেশ দেয় আদালত। 
 
ইত্তেফাক/এমআই