রাজশাহীতে ‘বাংলাদেশ জিজ্ঞাসা’র দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা ৫ অক্টোবর

৪৭ বছরে বাংলাদেশের অর্জন, সাফল্য, ব্যর্থতা সব মিলিয়ে আমরা কে, কী, কখন, কোথায়, কেন, কীভাবে আছি এসব প্রশ্ন আর উত্তর নিয়ে দেশে প্রথমবারের মত ইনডিপেনডেন্ট টিভিতে শুরু হচ্ছে কুইজ শো ‘বাংলাদেশ জিজ্ঞাসা’। আগামী ৫ অক্টোবর রাজশাহীতে অনুষ্ঠিত হবে মেধাভিত্তিক কুইজ প্রতিযোগিতা।
 
এতে অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন ও প্রথম ধাপের অনলাইন পরীক্ষা ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে। রাজশাহী বিভাগে রেজিস্ট্রেশন করেছিলো ১০ হাজার ৭৩ জন। এর মধ্যে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার জন্য ১ হাজার জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। এ কুইজ পরীক্ষা আগামীকাল শুক্রবার (৫ অক্টোবর) বিকাল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঢাকাসহ ৮ বিভাগে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। রাজশাহী বিভাগের পরীক্ষা রাজশাহী রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে। 
 
বুধবার দুপুরে রাজশাহী মহানগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইন্ডিপেনডেন্ট টিভির প্রধান বার্তা সম্পাদক আশিষ সৈকত ‘বাংলাদেশ জিজ্ঞাসা’ কুইজের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী শাখার ব্যবস্থাপক কাজী শরিফুল ইসলাম।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল ৫ অক্টোবর শুক্রবার রাত ৮টায় সরাসরি সম্প্রচার করা হবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। এছাড়া আয়োজকদের পক্ষ থেকে যোগাযোগ করে বিজয়ীদের পরবর্তী ধাপে অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত করা হবে। 
 
প্রতিটি বিভাগ থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৮ জন করে ৮ বিভাগের ৬৪ প্রতিযোগী ‘বাংলাদেশ জিজ্ঞাসা’র ঢাকার মূলমঞ্চে অংশগ্রহণের সুযোগ পাবেন। ঢাকার প্রতি রাউন্ড থেকে অর্ধেক বিজয়ী যাবেন পরের রাউন্ডে। এভাবে পর্যায়ক্রমে চূড়ান্ত বিজয়ী এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রানার আপ নির্ধারণ করা হবে। ১২ অক্টোবর থেকে প্রতি শুক্র ও শনিবার রাত ১০টায় ‘বাংলাদেশ জিজ্ঞাসা’ সম্প্রচারিত হবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। 
 
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবেন ১ কোটি টাকা। প্রথম রানার-আপ পাবেন ২৫ লাখ টাকা। দ্বিতীয় ও তৃতীয় রানার আপ পাবেন যথাক্রমে ১৫ ও ৫ লাখ টাকা। সেমিফাইনালে বিদায়ী ৪ জন ২ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা, কোয়ার্টার ফাইনালে বিদায়ী ৮ জন ১ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা, দ্বিতীয় রাউন্ডে বিদায়ী ১৬ জন ৫০ হাজার টাকা করে মোট ৮ লাখ টাকা, প্রথম রাউন্ডে বিদায়ী ৩২ জন ২৫ হাজার টাকা করে মোট ৮ লাখ টাকা পাবেন। বিশাল এ আয়োজনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পাশে রয়েছে আইএফআইসি ব্যাংক। প্রতিযোগিতার ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে প্রোভাইডার।
 
ইত্তেফাক/নূহু