বাগেরহাটের মোরেলগঞ্জের মহিষপুরা এলাকার পিরোজপুর-বাগেরহাট সড়কের রাস্তার ওপর থেকে বৃহস্পতিবার সকালে পুলিশ এক অজ্ঞাত নারীর (৪৫) লাশ উদ্ধার করেছে। উদ্ধারকৃত নারীর মাথা থ্যাতলানো ও রক্তাক্ত অবস্থায় ছিল।
মহিশপুরা পুলিশ ফাঁড়ির আইসি এএসআই ওহিদুল হক জানান, ওই নারীকে স্থানীয় লোকজন ৮/১০দিন ধরে রাস্তার পাশে ঘোরাফেরা করতে দেখেছেন। তার কোন নাম পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বুধবার দিবাগত রাতের যে কোন সময় বাস বা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন তিনি। গাড়ির চাপায় তার মাথা থেতলে গেছে। তার পরনে ধূসর বর্ণের ছেড়া কাপড় রয়েছে।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজিজুল হক বলেন, 'এক পাগল নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় ফাঁড়ি পুলিশ তার লাশ উদ্ধার করে পোস্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।'
ইত্তেফাক/নূহু