‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশের সঙ্গে এক কাতারে দাঁড়াবে বাংলাদেশ’

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, ১২ লাখ ৫০ হাজার রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়দাতা, মাদার অব হিউমেনিটি, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই ২০৪১ সালের মধ্যে আমেরিকা, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়ার মতো বাংলাদেশ উন্নত দেশের সঙ্গে এক কাতারে দাঁড়াতে সক্ষম হবে। 
 
বৃহস্পতিবার পাবনা অ্যাডওয়ার্ড কলেজ চত্বরে আয়োজিত চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে মন্ত্রী পাবনা শহরের মুক্ত মঞ্চ হতে অ্যাডওয়ার্ড কলেজ পর্যন্ত বিশাল এক র‌্যালির নেতৃত্ব দেন। 
 
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বিশেষ গৃহীত উদ্যোগ আশ্রয়ণ প্রকল্প, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, শিক্ষা সহায়তা কর্মসূচি, একটি বাড়ি একটি খামার প্রকল্প, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা প্রভৃতি ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। 
 
ভূমিমন্ত্রী বলেন, গ্রামের মানুষ এখন আর শহরের বস্তিতে বাস করতে আসবে না। গ্রামগুলোতে শহরের সকল সুযোগ সুবিধা তৈরি করে দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। কাজের সন্ধানে কাউকে গ্রাম ছেড়ে শহরে আসতে হবে না।  
 
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর নৌকা প্রতীককে আবারও জয়যুক্ত করুন। উন্নত বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে মজবুত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
 
এসময় অন্যান্যের মধ্যে পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইয়াকুব পাটোয়ারি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান, পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার রফিকুল ইসলাম পিপিএম উপস্থিত ছিলেন। 
 
ইত্তেফাক/জেডএইচ