নড়াইল-২ আসনে মাশরাফির মনোনয়ন ফরম সংগ্রহ

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ান ডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পক্ষে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। 

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনজুমান আরার নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাবেক এমপি অ্যাডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌরসভার মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাস, সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপনসহ দলীয় নেতাকর্মীরা।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাশরাফিকে নৌকা প্রতীক দিয়েছেন। আমরা একযোগে মাশরাফির পক্ষে কাজ করে তাকে বিপুল ভোটে বিজয়ী করবো।