প্রধানমন্ত্রীর বিকৃত ছবি প্রচারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি শেয়ার করার অভিযোগে ময়মনসিংহের গৌরীপুরে মোনায়েম খান পাঠান নামে এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকালে তাকে আটক করা হয়।
 
গ্রেপ্তারকৃত মোনায়েম খান উপজেলার বোকাইনগর ইউনিয়নের আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেসবুকে ‘ন্যায়ের পথে’ নামক অ্যাকাউন্টে পোস্ট করা প্রধানমন্ত্রীর বিকৃত ছবি বুধবার মোনায়েম খান পাঠান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। কিছুক্ষণের মধ্যেই শেয়ার করা প্রধানমন্ত্রীর বিকৃত ছবি স্থানীয় অন্যান্য ফেসবুক ব্যবহারকারীদের নজরে এলে বিষয়টি আলোড়ন সৃষ্টি করে। পরে বিষয়টি পুলিশের নজরে এলে পুলিশ তাকে আটক করে।
 
তবে মোনায়েমের সহকর্মীরা জানান, মোনায়েম সহজ-সরল প্রকৃতির মানুষ। সে সরকারবিরোধী কোনো কাজে লিপ্ত থাকার কথা নয়। অসতর্কতাবশত সে এই ধরণের একটি কাজ করে ফেলেছে।
 
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র সরকার বলেন, অভিযোগ পেয়ে মোনায়মেকে আটক করে জিজ্ঞাসাবাদ ও মুঠোফোন জব্দ করা হয়। প্রধানমন্ত্রীর বিকৃত ছবি শেয়ার করার সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ