প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: রাসিক মেয়র

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তার প্রমাণ আজকে আমরা আবারো পেলাম এই সরকারের সুবিধাভোগী বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মুখ থেকে। বাংলাদেশ থেমে নেই। উন্নয়নের মহাসড়কে ওঠা বাংলাদেশ এখন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এটি আমাদের অহংকার, এটি আমাদের গর্ব।
 
বৃহস্পতিবার সকালে রাজশাহী কলেজ মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন আর বলেন, বাংলাদেশের প্রতি টার্গেট করে পুরো ভারতবর্ষ তাকিয়ে আছে। তারা অবাক হয়ে তাকিয়ে দেখছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কীভাবে। 
 
তিনি বলেন, কিছুদিন আগে সাবেক ক্রিকেটার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান উপস্থিত জনগণের মধ্যে বক্তব্যে যে কথাটি এসেছিল যে, পাকিস্তানকে সুইডেন বানানোর জন্য প্রস্তাব এসেছিল। সেই অনুষ্ঠানে বক্তব্যের ভেতরে এসেছিল এই কথা, সুইডেন বানানোর চিন্তা ছেড়ে দাও, পাকিস্তানকে বাংলাদেশ বানিয়ে দাও। পাকিস্তানের কাছ থেকে এই কথাটি এসেছে, এটি কী আমাদের প্রতিশোধ নয়? আমরা কি প্রতিশোধ নিলাম না তাদের উপরে? প্রতিশোধ কী শুধু মেরে বা হত্যা করে নিতে হয়? আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে প্রতিশোধ নিচ্ছি। আমরা এখন সর্বসূচকে পাকিস্তানের চেয়ে অনেক উপরে।
 
রাসিক মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের সার্বিক উন্নয়ন করছেন। তার ধারাবাহিকতায় রাজশাহীতেও উন্নয়ন হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে রাজশাহীর পদ্মা নদীতে ক্যাপিটাল ড্রেজিং করা হবে। নগরীর তলদেশে ভরাট হয়ে যাওয়া মাটি শহরের পাশে ফেলে ভরাট করা হবে। আমরা প্রায় ১০ থেকে ১৫ বর্গকিলোমিটার জায়গা নতুন করে উদ্ধার করতে পারবো। সেখানে আমরা অনেক স্থাপনা করতে পারব। বিনোদন কেন্দ্র হবে, ইকো পার্ক হবে।
 
রাজশাহীর জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি সংরক্ষণ বিভাগের অতিরিক্ত সচিব সালমা আকতার জাহান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও ব্যুরোর মহাপরিচালক কেএম আব্দুস সালাম, বিভাগীয় কমিশনার নূর-উর রহমান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অধ্যাপক বজলার রহমান, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ হোসেন, মহানগর পুলিশ কমিশনার একেএম হাফিজ আকতার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আকতার জাহান, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী কলেজ অধ্যক্ষ অধ্যাপক মহা. হবিবুর রহমান, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আলী সরকার প্রমুখ।
 
ইত্তেফাক/জেডএইচ