বগুড়ায় উন্নয়ন মেলা শুরুর দিনেই উপচেপড়া ভিড়

বগুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ নানা জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলা। ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ শীর্ষক শ্লোগানে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা প্রশাসনের সার্বিক তত্ববধানে আয়োজিত জাতীয় উন্নয়ন মেলার সকাল দশটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে  উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি মাল্টিমিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
 
উদ্বোধনী অনুষ্ঠানের পর শহরে বের করা হয় উন্নয়ন শোভাযাত্রা। ব্যান্ড বাজিয়ে বর্ণিল টি-শার্ট ও সান ক্যাপ পড়ে শোভাযাত্রায় অংশ নেন শিক্ষার্থী ছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্টরা। শোভাযাত্রায় সরকারের  জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমতুল মুনিম এবং বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী নেতৃত্ব দেন। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
 
জেলা পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় উন্নয়ন মেলায় ১৫১ স্টল বর্ণিলভাবে সাজানো হয়েছে। মেলায় শোভা পাচ্ছে বর্ণিল আলোকসজ্জা। দর্শকদের  দৃষ্টিনন্দন করতে মেলার মাঝামাঝি স্থানে রঙ্গিন পানির কৃত্রিম ফুয়ারায় আলোকসম্পাত ঘটিয়ে বর্ণিল এক দৃশ্য তৈরি করা হয়েছে। রঙ্গিন বেলুন আর সাজ সজ্জার মাধ্যমে প্রতিটি স্লট সাজানো হয়েছে। এসব স্টলে প্রদর্শন করা হচ্ছে সরকারের ১০ বছরের উন্নয়ন-অগ্রগতির কর্মকাণ্ডের নানা তথ্য ও প্রামাণ্যচিত্র। এসব তথ্য ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে শেখ হাসিনা সরকারের অন্যতম ১০টি উদ্যোগ একটি বাড়ি একটি খামার, ঘরে ঘরে বিদ্যুৎ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, বিনিয়োগ বিকাশ, আশ্রয়ণ প্রকল্প, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ডিজিটাল বাংলাদেশ এবং পরিবেশ সুরক্ষামুলক নানা কর্মসূচি তুলে ধরা  হচ্ছে। বিতরণ করা হচ্ছে উন্নয়ন তথ্য সম্বলিত লিফলেট। মেলার আইসিটি স্টলে প্রদর্শন করা হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক্স ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার পদ্ধতি ব্যবহার। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত স্টলে বাণিজ্যিক ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠানের নানা উদ্যোগ তুলে ধরা হচ্ছে।
 
এ ছাড়া সরকারের বিদ্যুৎখাতে সাফল্যের চিত্র তুলে ধরছে  পিডিবি, পল্লীবিদ্যুৎসহ বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো। মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন এবং সহায়তা কর্মসূচির সরকারের নেওয়া নানা উদ্যোগ তুলে ধরা হচ্ছে জেলা মুক্তিযোদ্ধা সংসদের স্টলে। দেশের অগ্রগতি-উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকাণ্ড তুলে ধরা হচ্ছে মেলা স্টলে।
 
উদ্বোধনী দিনে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ’ শীর্ষক উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমতুল মুনিম। এ সময় বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আশরাফুজ্জামান, জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঁঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, যুগ্ম-সম্পাদক রাগেবুল আহসান, পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক এমএ মতিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল মালেক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিরুল ইসলাম, সিভিল সার্জন শামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/বিএএফ