খুলনায় কোস্টগার্ডের মাইক্রোবাসের চাপায় আরমান হোসেন (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রূপসা উপজেলার খানজাহান আলী ব্রিজের (রূপসা সেতু) সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান রূপসা উপজেলার বাগমারা গ্রামের মো. শাহজাহানের ছেলে ও উপজেলার নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর পৌঁনে ১টার দিকে আরমান হোসেন ও তার কয়েকজন বন্ধু বাইসাইকেলে রূপসা সেতু ঘুরতে যায়। তারা সেতুর সন্নিকটে মসজিদের সামনে পৌঁছালে মংলার দিক থেকে আসা কোস্টগার্ডের দ্রুতগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-গ-১২-৫৯২৭) পিছন দিক থেকে আরমানের সাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, কোস্টগার্ডের একটি মাইক্রোবাসের চাপায় আরমান নামে একজন স্কুলছাত্র নিহত হয়েছে। তবে বিকাল ৫টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/বিএএফ