ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে ২ বোনের মৃত্যু

 
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্রগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া শিমরাইলকান্দিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে পুষ্প আক্তার (১৩) ও শিরীনা আক্তার (১৪)।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কন্টেইনার ট্রেন শিমরাইলকান্দি এলাকা অতিক্রম করছিল। এ সময় রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল ওই দুই বোন। এ সময় তারা ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। 
 
শিরীনা আক্তার মাদ্রাসায় এবং পুষ্প আক্তার স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। 
 
আখাউড়া রেলওয়ে থানার (ওসি) শ্যামল ক্লান্তি দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। ময়না তদন্তের প্রক্রিয়া চলছে। 
 
ইত্তেফাক/নূহু