দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মিজানুর মালিথা (৪৫) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শশীধরপুর প্রামাণিক পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত মিজানুর শশীধরপুর প্রামাণিক পাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শশীধরপুর প্রামাণিক পাড়া গ্রামের সবজি বিক্রেতা মিজানুর মালিথার সঙ্গে একই গ্রামের আবু আফফান, সুন্নত আলী, জাহান আলী ও লুৎফরের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকাল ১০টা থেকে এ নিয়ে বিবাদ শুরু হলে বেলা ১২ টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় আবু আফফান গ্রুপের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে মিজানুর মালিথা (৪৫) সজিব (২৬) অন্তর (২২) ইমাদুল (৩৫) সিমাজুল (৩৮) সাবু (২৮) শুকুর আলী (৪২) সম্রাট (৪০) মিরাজ (৪৪) সিরাজ (৫৫)  আহত হয়। মিজানুর মালিথাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
 
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ