চোখ-মুখ বাঁধা নারীর লাশ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে চোখ-মুখ বাঁধা অবস্থায় ধলা বানু ওরফে নাজমা (৪০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রতিমা বংকী বেতুয়াপাড়া এলাকা থেকে ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওই এলাকার মৃত নওশের আলীর স্ত্রী। 
 
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ধলা বানু ওরফে নাজমা তার বাড়িতে একাই বসবাস করতেন। শুক্রবার সকালে তার ছেলে নাজমুল ঢাকা থেকে মাকে ফোনে না পেয়ে মামা আয়নাল হকের কাছে বিষয়টি জানান। 
 
আয়নাল হক বলেন, অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার দুপুরে বাড়িতে একটি বাথরুমের কক্ষ থেকে চোখ-মুখ বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। 
 
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম তুহীন আলী বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই মৃত্যুর রহস্যের বিষয়টি জানা যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে। 
 
ইত্তেফাক/জেডএইচ