নির্বাচনে ইভিএম ব্যবহার আরপিও’র ওপর নির্ভর করছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, আগামী নির্বাচনে সীমিত পরিসরে ইভিএম ব্যবহার করা হবে। তিনি বলেন, নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি আরপিও সংশোধনের ওপর নির্ভর করছে। এটি সংশোধনের বিষয়টি সরকারের বিবেচনাধীন আছে। 
 
শুক্রবার বিকালে সিলেট সরকারি আলীয় মাদ্রাসা মাঠে সিলেটে জেলা উন্নয়ন মেলায় ইভিএম প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।
 
তিনি বলেন, ইভিএম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশের ৬৪ জেলায় এর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তিনি রাজনৈতিক দলের সদস্যদের ইভিএম প্রদর্শনী ঘুরে দেখার পরামর্শ দেন। 
 
নির্বাচনের শিডিউল কবে নাগাদ ঘোষণা করা হতে পারে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সিদ্ধান্ত এখনো হয়নি। সবার সহযোগিতায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 
ইত্তেফাক/জেডএইচ