আওয়ামী লীগ নেতা মংছিনের সন্ধান নেই ৬দিন, পরিবারে আহাজারি

নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের মার্মাপাড়ার  বাসিন্দা আওয়ামী লীগ নেতা মংছিন মার্মার সন্ধান মিলছে না আজ ৬ দিন। তিনি অপহৃত না কি অন্য কিছু তার ভাগ্যে ঘটলো সে ব্যপারে কোনো হদিস কেউ দিতে পারছে না। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতির সদস্য।
 
পরিবার সূত্রে জানা গেছে গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।  নিখোঁজ হওয়ার সময় তিনি কক্সবাজারে ছিলেন। এ ঘটনার পর থেকে পুত্র শোকে কাতরাচ্ছেন মংছিনের মা ব্রামাচিং মার্মা এবং তার পরিবার। 
 
মংছিনের ৭৫ বয়সী এ মা এবং স্ত্রী প্রুমী মার্মা এ প্রতিবেদককে জানান, মংছিন গত ৩০ সেপ্টেম্বর ঢাকা থেকে আগত এক কাঠ ব্যবসায়ীর সঙ্গে বৈঠকের কথা বলে বাড়ি থেকে বের হয়ে কক্সবাজারের উদ্দ্যেশে রওয়ানা দেন সকাল  ৮টায়।
যাত্রাপথে তিনি রামুর সাদা চিন বৌদ্ধ বিহারে গিয়ে পূজা সেরে কক্সবাজার যান। সেখানে কলাতলীস্থ হোটেল ওর্য়াল্ড বিচে অপেক্ষায় ছিলেন ব্যবসায়ীরা। তাদের উদ্দেশ্যে গিয়ে হোটেলে পৌঁছেন  সকাল ১০ টা ৫০ মিনিটে।  সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে মোবাইলে জানান তিনি এক্ষুণি বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হবেন। সেই ছিল তার শেষ কথা। এরপর তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। তারপর থেকে এখন পর্যন্ত এ মোবাইল আর খোলে নি।
 
মংছিনের  স্বজনরা আরো জানান, সাদামাটা চাল চলনে অভ্যস্ত মংছিন বঙ্গবন্ধুর আদর্শের পরীক্ষিত একজন সৈনিক। আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তার সঙ্গে কারো তেমন শত্রুতা ছিলো না। আর ব্যবসায়ী অংশীদার সালাউদ্দিন নামের লোকটির সঙ্গে তার ভালো সখ্যতা ছিলো। এ ছাড়া তিনি কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকার কাঠ ব্যবসায়ীদের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল। দীর্ঘ ৬ বছর তার ব্যবসাকালে কোনো অপরাধ করেছেন বলে তাদের জানা নেই। এরমধ্যে হঠাৎ তার নিখোঁজ ঘটনা তাদের ভাবিয়ে তুলেছে। 
 
মামাপাড়া তথা ধূংরীহেডম্যান পাড়া  গ্রামের বাসিন্দা  সমাজ সেবক ক্যানু মার্মা  জানান, মংছিন ডাই মার্মার বৃদ্ধা মা ব্রামাচিং মার্মা, খালা, স্ত্রী এবং অন্যান্য স্বজনরা বারবার অজ্ঞান হয়ে পড়ছেন মংছিনের জন্যে। কেননা তাদের এ পরিবারের মংছিনই ছিলো একমাত্র আয়ক্ষম ব্যক্তি। 
 
তিনি আরো জানান, পরিবারের ৯ সদস্যের ১ জন কলেজে, ১ জন হাই স্কুলে আর বাকিরা প্রাথমিক স্তরে পড়ালেখা করে থাকে। বিশেষ করে তার আদরের সন্তান  রিংরিং মার্মা সারাক্ষণ কান্না করছে তার বাবা ফিরছে ফিরছে না বলে। 
 
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, মংছিনের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নম্বর-১২৫৩/১৮।  আর তার নিখোঁজের ঘটনাস্থল কক্সবাজার হলেও তিনি নাইক্ষ্যংছড়ির বাসিন্দা হিসেবে সকলে তার খোঁজে আন্তরিকভাবে তৎপর।
 
ইত্তেফাক/নূহু