তরুণরাই বাংলাদেশের ভবিষ্যত: ড. আতিউর রহমান

আজ ৫ সেপ্টেম্বর সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ইংলিশ অলিম্পিয়াড আয়োজিত আন্তর্জাতিক কর্মশালা ২০১৮ অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর অধ্যাপক ড. আতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
ড. আতিউর রহমান তার বক্তব্যে বলেন, ইংলিশ অলিম্পিয়াড সারা বিশ্বে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করার জন্যে তরুণদের ইংরেজি শিক্ষায় আগ্রহী করে তুলছে। বাংলার পাশাপাশি ইংরেজি শিক্ষার ওপর জোর দিয়ে বাংলাদেশ দুই পায়ে সামনের দিকে এগিয়ে যাবে বলে ড. আতিউর প্রত্যাশা করেন।
 
তিনি আরও বলেন, প্রায় দুই যুগ আগে চীনের তরুণদের ইংরেজি শিক্ষা দেবার জন্য কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য পাঠিয়ে ছিল বলেই আজকের নেতারা আধুনিক হতে পেরেছেন। আর আমাদের ঐতিহ্যেই রয়েছে ইংরেজি শিক্ষার ভিত্তি। তাই আমাদের সন্তানরা দুই ভাষাতেই দক্ষতা অর্জন করে বাংলাদেশকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। 
 
জাতির পিতার স্বপ্নের আলোকে তরুণ প্রজন্মকে সর্বদা আশাবাদী থাকার জন্য তিনি আহ্বান জানান। তিনি আরও বলেন, তরুণদের মধ্যে রয়েছে আফুরন্ত প্রাণশক্তি। সেই প্রাণশক্তিকে কাজে লাগিয়ে তাদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে। বাংলাদেশের এই তরুণ নেতৃত্বই সামনের দিকে স্বদেশকে এগিয়ে নিয়ে যাবে।
 
অনুষ্ঠানে কাজি আইটির সিইও মাইক কাজি, কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের বিজনেস ফ্যাকাল্টির প্রধান প্রফেসর এসএম আরিফুজ্জামান এবং ইংলিশ অলিম্পিয়াডের জাতীয় সমন্বয়ক মোহাম্মদ আমানউল্লাহ অংশগ্রহণ করেন।
 
প্রায় দুই হাজার শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
 
ইত্তেফাক/নূহু