মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩৫

মাদরীপুর সদরের আচমত আলী খান স্টেডিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত আনন্দ মেলায় শুক্রবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ও দোকান ভাংচুর করা হয়। এ ঘটনায় ৮ পুলিশসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
 
রাতে অপ্রীতিকর ঘটনার জের ধরে শনিবার ভোরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
 
পুলিশ জানায়, আচমত আলী খান স্টেডিয়াম সংলগ্ন কুটির শিল্প ও আনন্দ মেলায় প্রবেশ করা নিয়ে দুই যুবকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় হাতাহাতি হয়। বিষয়টি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ছড়িয়ে পরলে একটি দোকান ভাংচুর করা হয়। এই ঘটনার জের ধরে শনিবার সকালে পুনরায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
 
ঘটনাস্থলে পুলিশ এসে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপক্ষের সংঘর্ষের সময় পুলিশ কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য আহত হন। তাদের মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও সংঘর্ষের সময় দুপক্ষের অন্তত ২৭/২৮ জন আহত হয়েছেন।
 
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষে থেকে মামলা দায়ের ও ৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা দায়ের করতে আসেননি। লিখিত অভিযোগ পাওয়া গেলে যথাযথ মামলা নেয়া হবে।
 
ইত্তেফাক/আরকেজি