ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরু রবিবার

রবিবার থেকে শুরু হচ্ছে ইলিশ ধরার উপর ২২ দিনের নিষেধাজ্ঞা। মা ইলিশ রক্ষা ও প্রজননের লক্ষ্যে সরকারের এ কর্মসূচি বাস্তবায়নে শরণখোলা উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। 
 
উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, এ ব্যাপারে সচেতনতা সৃষ্টিতে মাইকিং করা, লিফলেট বিতরণ, ব্যানার স্থাপন ও বিভিন্ন স্থানে জেলেদের নিয়ে সভা করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সকল বরফ কলগুলো।  
 
এছাড়া শনিবার রাত ১২টার পর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নদ-নদীতে নিয়মিত টহল, মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হবে। এ ছাড়া ইতিমধ্যে সকল ফিসিং ট্রলারগুলি ঘাটে নোঙ্গর করার জন্য মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস জানান, নিষেধাজ্ঞা যথাযথভাবে পালনের জন্য সচেতনতামূলক প্রচারণা চলছে। শনিবার রাত ১২টার পর থেকে মৎস্য বিভাগ ও পুলিশ প্রশাসনকে নিয়ে নদীতে টহল করা হবে। 
 
জাতীয় মৎস্য সমিতির শরণখোলা উপজেলা শাখার সভাপতি মো. আবুল হোসেন বলেন, সরকারের আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কেউ যাতে প্রজননের এ সময় নদী-সাগরে ইলিশ না ধরে সেজন্য সকল জেলে ও মহাজনকে সচেতন করা হয়েছে। তিনি আরো বলেন, এ উপজেলায় দেড় শতাধিক ফিশিং ট্রলারের  সবগুলোই প্রায় সাগর থেকে উঠে এসেছে। বাকি গুলো  যথা সময়ে চলে আসবে। 
 
ইত্তেফাক/জেডএইচ