ভিন্নধর্মী উপস্থাপনায় এথেন্সে উন্নয়ন মেলা

গ্রিসের এথেন্সে নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিরা উপস্থাপন করলেন দেশের উন্নয়নে মনোমুগ্ধকর পরিবেশনা। এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ৫  অক্টোবর দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশিদের অংশগ্রহণে আয়োজন হয় এই উন্নয়ন মেলা। 
 
মেলায় গ্রিস প্রবাসী নতুন প্রজন্মের বাংলাদেশি শিশু-কিশোররা দেশের উন্নয়নের বিভিন্ন আলোকচিত্র এবং ভিডিওচিত্র সহকারে দেশের উন্নয়নে একটি ব্যতিক্রমধর্মী উপস্থাপনা পরিবেশন করে। বর্ণিল সাজে সজ্জিত শিশু-কিশোর দূতাবাস প্রাঙ্গণে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে উপস্থিত দর্শকদের কাছে বাংলাদেশের উন্নয়ন চিত্র প্রদর্শন করে। 
 
উন্নয়ন মেলা উদ্বোধন করেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। উদ্বোধনকালে রাষ্ট্রদূত দেশের উন্নয়ন সম্পর্কে প্রবাসীদের অবহিত করেন এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান জানান। 
IMG0
মেলায় সরকারের উন্নয়ন কার্যক্রম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ এবং ভিশন-২০৪১ সহ শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, যোগাযোগ, আইসিটি, টেলিকমিউনিকেশন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়া, নারীর ক্ষমতায়ন, এমডিজিতে বাংলাদেশের সাফল্য, দারিদ্র দূরীকরণের মত আর্থ-সামাজিক উন্নয়নকে তুলে ধরা হয়। আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অর্জন, বহির্বিশ্বে বলিষ্ঠ উপস্থিতিসহ গতিশীল পররাষ্ট্রনীতিও উপস্থাপন করা হয় এই উন্নয়ন মেলায়। 
 
৪র্থ উন্নয়ন মেলা ২০১৮ উপলক্ষে দূতাবাস আয়োজন করে বিশেষ প্যানেল আলোচনা। বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতিতে এই আলোচনা সঞ্চালনা করেন রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। আলোচনায় দূতাবাসের কাউন্সিলর (শ্রম) ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরী, প্রথম সচিব জনাব সুজন দেবনাথ, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি মো. আব্দুল কুদ্দুসসহ কমিউনিটির নেতৃবৃন্দ, নতুন প্রজন্মের প্রতিনিধি, নারী নেত্রীসহ রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। 
IMG1
ইত্তেফাক/জেডএইচ