পঞ্চগড়ে উন্নয়ন মেলায় গণশুনানি অনুষ্ঠিত

পঞ্চগড়ে সকল সরকারি দফতরের কর্মকর্তাদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে আয়োজিত জাতীয় উন্নয়ন মেলায় উন্মুক্ত মঞ্চে এই গণশুনানির আয়োজন করে পঞ্চগড় জেলা প্রশাসন। উন্মুক্ত মঞ্চে গণশুনানিকে কেন্দ্র করে জমে উঠে পুরো মেলা প্রাঙ্গণ।  
 
পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামসহ শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, সড়ক ও জনপদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত, পানি উন্নয়ন বোর্ড, কৃষি অধিদপ্তরসহ জেলার প্রত্যেক সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ গণশুনানিতে উপস্থিত ছিলেন।
 
গণশুনানিতে সর্বস্তরের মানুষের নানা অভিযোগ উত্থাপিত হয়। এরমধ্যে বিদ্যুৎ বিভাগের অনিয়ম, জাতীয় তথ্য বাতায়নে তথ্য না পাওয়া, মামলা করতে গিয়ে পুলিশের হয়রানি, সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ না পাওয়া, ভেঙে যাওয়া সড়ক সংস্কার না হওয়া, ভূমি অফিসে অনিয়ম, করতোয়া সেতু ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়া উল্লেখযোগ্য। 
 
সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এসব অভিযোগের ব্যাখ্যাসহ সমাধানে প্রশ্নকারীদের আশ্বস্ত করেন। 
 
পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতেই আমাদের এই আয়োজন। আমরা এর ধারাবাহিকতা রক্ষা করতে প্রতি ৩ মাস পর পর এই গণশুনানির আয়োজন করে আসছি। 
 
ইত্তেফাক/জেডএইচ