রাজশাহী মহানগরীর সপুরা আহমদপুর এলাকা থেকে ৬টি বিদেশি পিস্তল, ৭৫ রাউন্ড গুলিসহ আন্তর্জাতিক অস্ত্র চোরাকারবারি ইমরান হোসেনকে (৩৯) গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার রাত সোয়া ৯টায় র্যাব এই অভিযান চালায়। গ্রেপ্তারকৃত ইমরান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর এলাকার আলামিনের ছেলে।
র্যাব-৫, রাজশাহীর অধিনায়ক লে. কর্ণেল মাহাবুবুল আলম জানান, মহানগরীর আহমদনগর এলাকার গার্ডেন ভিউ নামের এক বাড়িতে ইমরানের আত্মীয় ভাড়া থাকতেন। সন্ধ্যার পর তিনি অস্ত্রের প্যাকেট নিয়ে এখানে আসেন। র্যাব খবর পেয়ে ওই বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, ভারত থেকে দুটি হাত বদলের মাধ্যমে ইমরান অস্ত্রগুলো হাতে পায়। আসন্ন সংসদ নির্বাচনে নাশকতা চালাতে অস্ত্রগুলো ঢাকার সেলিম নামের আরেক ব্যবসায়ীর কাছে পৌছানোর দায়িত্ব ছিলো তার।
এ ঘটনায় ৫জনকে আটক করা হয়েছে। ইতোমধ্যে ইমরানকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদের জিজ্ঞাসাবাদ শেষে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু