কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বাজারের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ৪টি ককটেল ও ৪টি পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার করে।
পুলিশ ও আওয়ামী লীগ নেতারা জানান, রাত পৌনে ১১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে টায়ারে আগুন দেয় এবং একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। বিকট শব্দে বাজারের নৈশ প্রহরীসহ অন্যরা এগিয়ে গেলে দুর্বৃত্তরা ঘটনাস্থলে আরও ৪টি ককটেল ও ৪টি পেট্রোল বোমা সদৃশ বস্তু ফেলে পালিয়ে যায়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন মুঠো ফোনে জানান, আগামী ১০ অক্টোবর গ্রেনেড হামলা মামলার রায় দেওয়া হবে, তাই বিএনপি-জামায়াত চক্র আতংক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে। তিনি ঘটনার সাথে জড়িতদের চিহিৃত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
রাত সোয়া ১২টার দিকে মুঠোফোনে বুড়িচং থানার প্রধান কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪টি ককটেল ও ৪টি পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে।
তিনি আরও জানান, বোমা বিশেষজ্ঞ দল আসার পরই নিশ্চিত হওয়া যাবে উদ্ধারকৃত বস্তু গুলি প্রকৃত ককটেল ও পেট্রোল বোমা কিনা। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে বলেও ওসি জানিয়েছেন।
ইত্তেফাক/নূহু