অভিনব কৌশলে ব্যাংক থেকে গ্রাহকের টাকা নিয়ে উধাও যুবক

ব্যাংক থেকে টাকা তোলার পরে এক গ্রাহকের ৫০ হাজার টাকা নিয়ে উধাও হয়েছে দুই যুবক। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে লৌহজং উপজেলার সোনালী ব্যাংক হলদিয়া বাজার শাখায় এ ঘটনা ঘটে।
 
ব্যাংকটির গ্রাহক হলদিয়া ইউনিয়নের পূর্ব শিমুলিয়া গ্রামের রওশন আরা বেগম তার একাউন্ট থেকে ৫০ হাজার টাকা তোলেন। এ সময় ব্যাংকে থাকা দুই যুবক রওশন আরা বেগমের কাছে এসে নোট পরিবর্তনের কথা বলেন।
 
তারা বলেন, আপনার কাছে থাকা ১ হাজার টাকার নোটগুলো আমাদের দিলে খুব উপকৃত হতাম। আমাদের কাছে ১০০ টাকার নোট। তাদের আকুতি মিনতি শুনে মহিলাটি তার হাতে থাকা ৫০ হাজার টাকার বান্ডিলটি তুলে দেন তাদের হাতে। এ সময় দুই যুবক তাদের হাতে থাকা ১০০ টাকার ৮০টি নোট মহিলাটির হাতে দিয়ে গুনে নিতে বলেন। মহিলাটির টাকা গুণার ফাঁকে সেখান থেকে ৫০ হাজার টাকা নিয়ে দুই যুবক পালিয়ে যান।
 
রওশন আরা বেগম বলেন, আমাকে শেষ করে দিয়েছে। আমি ভালোর জন্য টাকা ভাংতি দিতে চাইলাম আর আমাকে খুন করে দিয়ে গেলো। আমি এখন কি করবো। অনেক কষ্টের টাকা আমার। তিলে তিলে জমানো টাকা। একথা বলে ব্যাংকের ভিতরেই চিৎকার করে কান্না করছিলেন রওশন আরা।
 
সোনালী ব্যাংক হলদিয়া শাখার ম্যানেজার হারুর অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে আমার কাছে অভিযোগ দিয়ে গেছে। আমাদের ব্যাংকে যদি সিসিটিভি ক্যামেরা থাকতো তাহলে প্রতারকদের সনাক্ত করা সহজ হতো। কিন্তু এখনতো আমাদের কিছু করার নেই।
 
লৌহজং থানার ওসি মো. লিয়াকত আলী শেখ জানান, আমরা এমন কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো।
 
ইত্তেফাক/জেডএইচ