গোপালগঞ্জের কাশিয়ানীতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি শতবর্ষী আমগাছ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গয়লাকান্দি গ্রামের মৃত কাঞ্চন শেখের ছেলে রুহুল আমিন শেখ (২৫) ও একই জেলার কাশিয়ানী উপজেলার রায়জাদাপুর গ্রামের নুর ইসলাম মোল্যার ছেলে সুমন মোল্যা (২৪)।
কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, উপজেলার হিরণ্যকান্দি শতবর্ষী আমগাছ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনে ডাকাতির জন্য ১০/১২ জনের একটি ডাকাত দল প্রস্তুতি নিচ্ছিল।
এমন সংবাদের ভিত্তিতে এসআই ফারুক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় গিয়ে পৌঁছায়। এ সময় ডাকাত সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে শতবর্ষী আমগাছের পাশে একটি ঝোপের মধ্যে গিয়ে অবস্থান করে। পরে পুলিশ ওই ঝোপ ঘেরাও করে সেখান থেকে দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় বাকি ডাকাত সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘটনাস্থল থেকে ছোরা, রামদা, ছেন দা, চাপাতি চাইনিজ কুড়াল, লোহার পাইপসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতডাকাত সদস্যদের বিরুদ্ধে কাশিয়ানী, মুকসুদপুর, কোটালীপাড়া, মাদারীপুর ও রাজৈর থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/কেকে