ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের নাম নছর উদ্দিন (৮১)। সোমবার বিকাল পাঁচটার দিকে গফরগাঁ-মশাখালী সড়কে পৌর শহরের শিলাসী রেলপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় নছর উদ্দিন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। তিনি সে ধাক্কায় মাটিতে ছিটকে পড়েন। তার মাথাসহ শরীরের বিভিন্নস্থান আঘাত প্রাপ্ত হয়।
এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত সাড়ে আটটার দিকে তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।
ইত্তেফাক/নূহু