ঝিনাইদহ ও হবিগঞ্জে দুই লাশ উদ্ধার

ঝিনাইদহে সোমবার রাতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরনে জিন্স প্যান্ট ও গায়ে গেঞ্জি ছিল। এদিকে একই রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
ঝিনাইদহ: কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের নলবিল থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি। তত্বিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এমদাদ হোসেন জানান, সন্ধ্যার দিকে বিলের ভেতর একজনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসী। পুলিশ রাতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। সেখানে দড়ি পড়ে থাকতে দেখা যায়। বয়স আনুমানিক ২৭ বছর হবে। ওই যুবকের পরনে জিন্স প্যান্ট ও গায়ে গেঞ্জি ছিল।
 
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কের কলিমনগর এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (পুরুষ) মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা যায়, ওই স্থানে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার এসআই বিধানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় পৌঁছে মরদেহটি উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি