খুলনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বইপড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সভাপতি মোহাম্মদ হেলাল হোসেন।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক হেলাল হোসেন বলেন, শিক্ষার্থীদের বইপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আগের তুলনায় বইপড়ার হার কমে গেছে। বই পড়লে মানুষের জ্ঞান সমৃদ্ধ হয়। এজন্য একাডেমিক পড়াশুনার পাশাপাশি বইপড়ার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, বই পড়ার বিষয়ে শিক্ষার্থীদের বেশি আগ্রহ থাকতে হবে। ডিজিটাল বাংলাদেশে তথ্যপ্রযুক্তিতে বিপ্লব ঘটেছে। ছেলে-মেয়েরা কোথায় যায় ও কি করে এ ব্যাপরে অভিভাবকদের সব সময় খোঁজ রাখতে হবে।
এতে সভাপতিত্ব করেন উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল কাদির। বক্তৃতা করেন উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি কবি বিষ্ণুপদ সিংহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ।
এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও আভিভাবক উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি এ অনুষ্ঠানের আয়োজন করে। এই প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল থেকে প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ইত্তেফাক/এমআই