আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শফিকুল ইসলামের মোটরসাইকেল চুরি হয়েছে। ঘটনার দিন কর্মরত ডিউটি অফিসার এএসআই শাহীনকে শোকজ করা হয়েছে এবং ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, ‘গত ১৯ সেপ্টেম্বর থানা কম্পাউন্ড থেকে শফিকুল ইসলামের (ওসি তদন্ত) ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়। এ ব্যাপারে দায়িত্ব অবহেলার অভিযোগে ডিউটি অফিসার এএস আই শাহীনকে শোকজ করা হয়েছে। এর আগে ঘটনার দিনই কনস্টেবল সরোয়ার এবং রফিককে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছিল।
পুলিশ সুপার আনিছুর রহমান জানান, এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার ‘গ’ অঞ্চল মো. আনিসুর রহমানকে প্রধান করে ডিএসবি এর একজন এবং ডিবি -এর একজন অফিসারকে নিয়ে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। কমিটির সদস্যদের বুধবারের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ