নির্বাচনের আগেই ১০ হাজার চিকিৎসক নিয়োগ

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দরিদ্র জনগোষ্ঠীর মাঝে দ্রুত স্বাস্থ্যসেবা পৌঁছানোর লক্ষ্যে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই আরও ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সভাকক্ষে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। 
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের দোর গোঁড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত কমিউনিটি হেলথ সেক্টর গড়ে তোলা হচ্ছে। ফলে স্বাস্থ্যখাতে ১০ বছরে যে সফলতা এসেছে তা প্রশংসনীয়। 
 
তিনি আরো বলেন, আগে নার্সের সংকট ছিল। গত কয়েক বছরে আমরা ১০ থেকে ১৫ হাজার নার্স নিয়োগ দিয়েছি। উপজেলা পর্যায়ে কিছু চিকিৎসক সংকট আছে। আগামী জাতীয় নির্বাচনের আগেই আমরা ১০ হাজার চিকিৎসক নিয়োগ দিতে পারব। এই নিয়োগ সম্পন্ন করে আমরা সমস্যার সমাধান করব।
 
মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশে প্রায় ১৬ হাজার কমিউনিটি ক্লিনিক চলছে। হাজারেরও বেশি মডেল ক্লিনিক প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে গরীব মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়েছে। আমরাই এটা করেছি। আমরা ১০ লাখ রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছি। তাদের সন্তানদের পোলিও খাইয়েছি, টিকা দিয়েছি। এটা চাট্টিখানি কথা নয়। দেশের স্বাস্থ্যসেবা এখন একটা মডেল হয়ে দাঁড়িয়েছে।
 
সেবার মানসিকতায় চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী হাসপাতালের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন। এর মধ্যে ঘোষণা দেন হাসপাতালের চারতলা একটি ভবনকে ১০ তলায় উন্নীত করার। 
 
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমানের সভাপতিত্বে সভায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বক্তব্য দেন। 
 
ইত্তেফাক/জেডএইচ