যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে।
মঙ্গলবার সকালে যশোরের চৌগাছা জিসিবি আদর্শ কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মানসম্মত শিক্ষা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি মনির বলেন, ভবিষ্যতে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য জ্ঞান অর্জনের পাশাপাশি অবশ্যই নেতৃত্বের সক্ষমতা তোমাদের অর্জন করতে হবে। তোমাদের অবশ্যই স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে।
তিনি আরো বলেন, তোমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। মানুষের ভিতর নৈতিক শিক্ষা না থাকলে ভালো মানুষ হওয়া সম্ভব না।
কলেজটির অধ্যক্ষ দৈনিক ইত্তেফাক পত্রিকার চৌগাছা প্রতিনিধি আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ শাহাজান কবির, ঝিকরগাছার নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ শাহাদৎ হোসেন।
উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম মিয়া, সাবেক শ্রমবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম রাজ, উপজেলা মহিলা আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজনীন নাহার, হাজরাখানা দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. সিরাজুল ইসলাম, নারায়ণপুর ইউনিয়নের ইউপি সদস্য মিলন হোসেন, ছাত্রলীগ নেতা শফিক হায়দার লাভলু প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের দফতর সম্পাদক এইচ এম ফিরোজ।
অনুষ্ঠানে রতনা খাতুন, রিদয় খান ও শারমিন খাতুনকে কলেজের কৃতি শিক্ষার্থী হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পরে প্রায় ৭৪ লাখ টাকা ব্যয়ে স্বরুপদাহ ইউনিয়নের সাঞ্চাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে ৪ তলা ভীত বিশিষ্ট ১তলা ভবনের উদ্বোধন, প্রায় ৭৩ লাখ টাকা ব্যয়ে ৪ তলা ভীত বিশিষ্ট ১তলা ভবনের উদ্বোধন, ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে বর্ণি রামকৃষ্ণপুর ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ১ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে মাকাপুর-বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ে একাডেমিক ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলার ঊর্দ্ধমূখী সম্প্রসারণের উদ্বোধন করেন এমপি মনির।
ইত্তেফাক/নূহু