হবিগঞ্জের আজমিরীগঞ্জে এক যুবককে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা এ রায় দেয়।
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হচ্ছেন আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের আব্দুল হাই চৌধুরীর ছেলে সাকিউর চৌধুরী ও রমিজ মিয়ার ছেলে গাজিউর চৌধুরী। মামলার আসামি অপর ১৩ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৯ জুন রাত ১০টায় আসামিরা মোবাইল ফোনে তাদের প্রতিবেশি বদিউজ্জামান চৌধুরীর ছেলে বাছির মিয়া চৌধুরীকে (৩০) ডেকে নেয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ওই ঘটনায় ১৩ জুন আজমিরীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। ২৪ জুন বাছিরের বড় ভাই যীশু মিয়া চৌধুরী বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। ওই দিনই মামলার আসামি সাকিউরকে পুলিশ গ্রেপ্তার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে নাইয়ারখারা বিলের পাশের একটি জমিতে মাটি চাপা দেয়া অবস্থায় বাছির মিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়।
ওই ঘটনায় সাকিউর ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে সে আদালতকে জানায়। পরে পুলিশ তদন্ত শেষে একই বছরের ১৫ ডিসেম্বর ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
মামলায় ১৫ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে বিচারক বুধবার উল্লেখিত রায় দেয়। রায় ঘোষণাকালে সাকিউর আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি গাজিউর ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আব্দুল আহাদ ফারুক।
ইত্তেফাক/কেকে