রমেক হাসপাতাল থেকে শিশু চুরি, আটক ১

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল (রমেক) থেকে শিশু চুরির ঘটনায় আব্দুল  কাইয়ুম (৩০) নামে এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালের গায়েনি বিভাগ থেকে তাকে আটক করা হয়।
 
আটককৃত কাইয়ুম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটম্যান বলে জানা গেছে।
 
হাসপাতাল ও থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার  বাড়িরঝাড়া গ্রামের  পরশ চন্দ্রের স্ত্রী সুধারানী মঙ্গলবার সন্তান জন্ম দেয়ার জন্য আসে। তাকে ১১ নং প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। সেখানে ওই রাতে সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তান জন্ম দেয় সুধা রানী। বুধবার সকালে নবজাতককে নিয়ে আত্মীয় স্বজনরা বারান্দায় এলে একজন অজ্ঞাত মহিলা শিশুটিকে কোলে নিয়ে আদর করতে থাকে। এক পর্যায়ে মহিলাটি বাচ্চাটিকে নিয়ে উধাও হয়ে যায়। পরশ চন্দ্র তার আত্মীয় স্বজন বিষয়টি সাথে সাথে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানালে হাসপাতালের পরিচালক অভিযোগটি কোতয়ালী থানায় নথী ভুক্ত করার জন্য পাঠিয়ে দেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে এসে সিসি ক্যমেরার ভিডিও ফুটেজ ও লিফট অপারেটর কাইয়ুমকে আটক করে। 
 
রমেক হাসপাতালের পরিচালক ডা. অজয় রায় জানান, আমারা অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি পুলিশকে জানিয়েছি। শিশুটি উদ্ধারের সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
 
ইত্তেফাক/বিএএফ