তারেকের ফাঁসি চায় লন্ডন আওয়ামী লীগ

বহুল আলোচিত একুশে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে লন্ডনে আওয়ামী লীগ। এদিকে তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ করেছে বিএনপি। 
 
প্রসঙ্গত, ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে। এ ছাড়া তারেক রহমান ও তৎকালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। 
 
যুক্তরাজ্য আওয়ামী লীগ এই নারকীয় হামলার মূল পরিকল্পনাকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে। তারেক রহমান ২০০৮ সালে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে লন্ডনে আসেন চিকিৎসার জন্য এবং সেই থেকে লন্ডনে সপরিবারে বসবাস করছেন। 
 
রায় ঘোষণার পর যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা বুধবার স্থানীয় সময় বিকালে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে তারেক রহমানের ফাঁসির দাবিতে সোচ্চার হন। নেতারা বলেন, তারা তাৎক্ষণিকভাবে এই সমাবেশ করলেও তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ সমাবেশ অব্যাহত রাখবেন।   যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতারা মামলার রায়ের জন্য আদালতকে ধন্যবাদ জানান। তবে তারা সন্তুষ্ট হতে পারেননি। তারা বলেন, তারেক রহমান ২১ আগস্টের ঘটনার মূল হোতা। অতএব তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।
 
অপরদিকে, তারেক রহমানকে একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন সাজা দেয়ার প্রতিবাদে যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরা বুধবার বৃটিশ প্রধানমন্ত্রী তেরিজা মে'র  সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটের সামনে বিক্ষোভ করেছে। তারা এই রায় ঘোষণার একদিন আগে হাউজ অব কমন্সের কাছে অবস্থিত জাতিসংঘ ভবনের সামনেও বিক্ষোভ করেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
 
আদালতের এই রায়ে প্রবাসীরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ কেউ বলছেন, দীর্ঘ বছর পরে হলেও এ ধরণের পৈশাচিক কর্মকাণ্ডের বিচার দেখে তারা খুশি।
 
ইত্তেফাক/ইউবি