তারেক জিয়ার ফাঁসির দাবিতে আওয়ামী লীগের বিক্ষোভ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদন্ড দেয়া হলেও তারেক জিয়ার যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা তারেক জিয়ার ফাঁসির দাবি ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ করেছে। সেই সঙ্গে সরকারকে এর জন্য উচ্চ আদালতে আপিল করার অনুরোধ জানিয়েছে।
 
বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্য্যালয়ে বিক্ষোভ সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম পিপি, যুগ্ম সম্পাদক বাদরুল ইসলাম বাবলু, আ ফ ম সুলতানুল আজম খান আপেল, দপ্তর সম্পাদক এহতেশাম হোসেন ভুনু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান।
 
পরে শহরে একটি বিক্ষোভ মিছিল আদালত প্রাঙ্গনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বক্তারা  বলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড হওয়ায় আমরা খুশি। কিন্তু গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী তারেক জিয়ার ফাঁসি না হওয়ায় আমরা এ রায়ে সন্তুষ্ট নই। এ জন্য এ রায়ের বিরুদ্ধে সরকারকে উচ্চ আদালতে আপিলের দাবি জানাই।
 
ইত্তেফাক/নূহু