মদনে বিএনপির ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির অপরাধে জড়িত থাকায় নেত্রকোনার মদন উপজেলা বিএনপির ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে এসআই মমতাজ উদ্দিন বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আকন্দসহ ২০ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।
 
পরে ওই রাতে মামলার আসামি পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র আল মামুন, উপজেলা যুবদল দপ্তর সম্পাদক মিল্লাদ হোসেন, ফতেপুর ইউপি শ্রমিক দল সভাপতি মো. আনছু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
মামলার বিবরণী থেকে জানা গেছে, বুধবার বিকালে পৌর সদরের জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজের সামনে মদন আটপাড়া পাকা রাস্তার ওপর গ্রেনেড হামলা মামলার রায় উপলক্ষে বিএনপির ৩০/৩৫ জন নেতাকর্মী ষড়যন্ত্রে মিলিত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছামাত্রই নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
 
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক জানান, এ ঘটনায় ২০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার নেত্রকোনার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ