পাইকগাছায় বহিস্কৃত আওয়ামী লীগ নেতার সরকারি জায়গা দখলের পাঁয়তারা

পাইকগাছায় জামায়াতের সাবেক নেতা আওয়ামী লীগ থেকে বহিস্কৃত আবু রাইহান শাহীনের বিরুদ্ধে শেখ রাসেল স্মৃতি সংসদের সাইনবোর্ড টানিয়ে চৌমুহনী বাজারে সরকারি জায়গা দখল করার অভিযোগ উঠেছে। এ নিয়ে বাজার এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
 
সরেজমিনে দেখা যায়, উপজেলার চাঁদখালী ইউনিয়নের চৌমুহনী বাজারের ওষুধ ব্যবসায়ী আবু রাইহান শাহীন বৃহস্পতিবার গভীর রাতে শেখ রাসেল স্মৃতি সংসদের সাইনবোর্ড বাজারের ট্রলার ঘাটে টাঙ্গিয়ে দখল করেছে। এ বিষয়ে বাজারের ব্যবসায়ী অমেদ গাজী (৮৫), মেছের আলী (৮০), জিনারুল (৫৫), মন্টু সানাসহ (৪৮) শতাধিক ব্যক্তি বলেন, শাহীন ইতোপূর্বে বাজারের ৩/৪ জায়গায় দখল করে পাকা ইমারত করে বিক্রি করেছে। সর্বশেষ আরেকটি পাকা ইমারত করে ওষুধ ব্যবসা চলিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ থেকে বহিস্কৃত আবু রায়হান শাহীন এরপর কৌশলে শেখ রাসেল স্মৃতি সংসদের সাইনবোর্ড টাঙ্গিয়ে বাজারের কমলাপুর মৌজায় খাস খতিয়ানে ৪৪৯নং দাগে ট্রলারের মাল উঠানামার জায়গা দখল করার পায়তারা করছে।
 
বাজার কমিটির সভাপতি আতিয়ার রহমান জানান, সকালে লোকমুখে শুনে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় দোকানদারদের কাছে শুনি বৃহস্পতিবার গভীর রাতে কোনো এক সময় শাহীন এ সাইনবোর্ড টাঙ্গিয়েছে। 
 
অভিযুক্ত আবু রাইহান শাহীন বলেন, আমি আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাসাপেক্ষে এ সাইনবোর্ড টাঙ্গিয়েছি।
 
চাঁদখালী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব মুনছুর আলী গাজী জানান, এ ব্যাপারে আমি কিছু জানি না। তবে শাহীনকে ইতিপূর্বে দল থেকে বহিস্কার করা হয়েছে। ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা পঞ্চানন মল্লিক জানান, শুক্রবার হওয়ায় কোনো কর্মকর্তারা না থাকায় ঘটনাস্থলে অফিস সহায়ক শেখরকে পাঠিয়েছি।
 
ইত্তেফাক/নূহু