রাজশাহীর বাঘায় মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে উপজেলার মীরগঞ্জ পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়। এ সময় জিয়াউর রহমান নামে এক জেলেকে আটক করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের পরিচালক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন রেজা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মাসের ০৭ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত নদীতে ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করছে সরকার। তার পরেও এক শ্রেণির অসাধু জেলে গোপনে মাছ ধরার চেষ্টা চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বর্ডার গার্ড আলাইপুর (বিজিবি) কোম্পানি কমান্ডারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মীরগঞ্জ ও আলইপুর পদ্মা নদীতে অভিযান চালায়। এই অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং প্রায় ৫ কেজি ইলিশ জব্দ করেন নির্বাহী কর্মকর্তা। এ সময় জাল ফেলে পালিয়ে যায় চার জেলে।
নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, ইলিশ আমাদের দেশের সম্পদ। এটি রক্ষা করার দায়িত্ব সবার। যারা সরকারের নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি এই অভিযান অব্যাহত রাখবেন বলেও উল্লেখ করেন।
ইত্তেফাক/বিএএফ