চরফ্যাশনের নীলকমল ইউনিয়নের চরনুরুল আমিন গ্রামে পাষণ্ড স্বামীর গরম দা'র ছ্যাকায় ঝলসে গেছে স্ত্রীর মুখমণ্ডল, গলা বুক ও শরীরের বেশ কিছু অংশ। এ ঘটনার পর কোনো চিকিৎসকের শরণাপণ্ন না হয়ে ঘরেই আটকে রেখেছিল স্বামী।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুলারহাট থানা পুলিশ স্বামীগৃহ থেকে গৃহবধূ রিক্তাকে (২২) উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছে। মঙ্গলবার দুপুরে নীলকমল ইউনিয়নের চর নুরুল আমিন গ্রামের রহিম আলী হাজী বাড়িতে এ রোমহর্ষক ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ পাষণ্ড স্বামী জামাল উদ্দিনকে (৩৫) আটক করেছে।
থানা হেফাজতে থাকা জামাল উদ্দিন সংবাদকর্মীদের জানান, আমিনাবাদ ১নং ওয়ার্ডের হোসেনের মেয়ে আপন খালাতো বোন রিক্তাকে ৩বছর আগে সে বিয়ে করে। বিয়ের পর তারা ঢাকার গাবতলী এলাকায় থাকে। মোহাম্মদপুর এলাকার রাজা সিটি সার্ভিস নামক বাসের কন্ডাক্টর সে। স্ত্রী রিক্তা 'তার কথার অবাধ্য চলায়' সে রিক্তাকে নিয়ে গত মঙ্গলবার সকালে নিজ বাড়ি চলে আসে। দুপুরে চুলার আগুনে দা গরম করে ওই দা দিয়ে তার মুখমণ্ডল, গলা এবং বুক ঝলসে দেয়।
জানা গেছে রিক্তা জামালের চার নম্বর স্ত্রী। হাছান নামে তাদের ১বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
চরফ্যাশন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. গৌতম সাহা জানান, তার মুখমণ্ডল, গলা বুক এবং শরীরের বিভিন্ন স্থানে পোড়া ক্ষত রয়েছে। তার চিকিৎসা চলছে।
দুলারহাট থানার ওসি মোঃ মিজানুর রহমান পাটোয়ারী জানান, নির্যাতীত গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত স্বামী জামাল উদ্দিনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
ইত্তেফাক/নূহু