গাইবান্ধার গোবিন্দগঞ্জে শুক্রবার যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার চালক আব্দুর রহমান (৫০) নিহত হয়েছেন। উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কাটাখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালিত অটোরিকশার চালক আব্দুর রহমান গোবিন্দগঞ্জ পৌর শহরের মৃত নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাস শুক্রবার সকাল ১০টার দিকে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুর রহমান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আকতারুজ্জামান জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও তার সহকারী পালিয়ে গেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/নূহু