ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ২৪৮ বস্তা সরকারি চালসহ দুই জনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্যরা। শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল- নোয়াখালীর সেনবাগ উপজেলার আহম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে আব্দুর রহিম (৪০) ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর গ্রামের নান্নু মিয়ার ছেলে জামাল মিয়া (৫০)।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সদস্যরা জানান, ‘শুক্রবার দুপুরে সংবাদ পেয়ে ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে থেকে চালভর্তি একটি ট্রাক জব্দ করা হয়। চালগুলো খোলা বাজারে বিক্রির (ওএমএস) জন্য বরাদ্দকৃত সরকারি চাল। চালগুলো বিজয়নগরের চম্পকনগর থেকে শ্রীমঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছিল।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন চাল আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, যাচাই-বাছাই শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/বিএএফ