‘শুধু প্রযুক্তি দিয়ে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব না’

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, ডিজিটাল প্রযুক্তি বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যগুলো অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ বিষয়ে সন্দেহ নেই। তবে কেবল প্রযুক্তির ওপর ভর করে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয়। এ জন্য ব্যক্তি খাত ও অলাভজনক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করতে হবে এবং একটি ডিজিটাল সংস্কৃতি চলমান রাখতে হবে।
 
শুক্রবার সাভারে বিপিএটিসিতে সিনিয়র সচিব ও সচিবদের জন্য আয়োজিত নীতি সংলাপে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।
 
বিপিএটিসির রেক্টর ড. আসলাম আলমের সভাপতিত্বে এই সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়কারী আবুল কালাম আজাদ এবং মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম।
 
ড. আতিউর বলেন, বাংলাদেশ সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে, একই সঙ্গে প্রবৃদ্ধি অর্জন এবং বৈষম্য কমিয়ে আনা সম্ভব। তবে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে হলে সরকারকে নতুন ধরনের দায়-দায়িত্ব নিতে হবে। নতুন ধরনের বিনিয়োগে মনোনিবেশ করতে হবে, যাতে করে দেশের সকল নাগরিকই শেখার সুযোগ পান। 
 
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ গড়তে হলে বাংলাদেশকে দুই অঙ্কের জিডিপি প্রবৃদ্ধি নিশ্চিত করতে হবে। 
 
ইত্তেফাক/জেডএইচ